ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির জন্য বড় ব্যর্থতা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির জন্য বড় ব্যর্থতা। তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা বর্তমানে অনেক ভারি। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না।


রবিবার (৩১ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি। হঠকারী রাজনীতি ও ধর্মান্ধ এবং ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।


আওয়ামী লীগের এ নেতা বলেন, সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল। কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলতে চায়। তাদের আন্দোলন কথাসর্বস্ব এবং ভার্চুয়াল। বিএনপির এসব কর্মসূচির সাথে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।


কাদের বলেন, বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পায়, তারা দেশের ভালো কিছু দেখতে পায় না। বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার। তারা এতটাই একচোখা যে গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পায়নি। বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে।


একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়।


তিনি আরও বলেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো।

ads
ads
ads

Our Facebook Page

↑